Admin1234@ ২৭ নভেম্বর ২০২৫ , ৩:২০:৫০ 227
মোঃহিল্লাল আমিনী,

আজ ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দীর্ঘদিন ধরে ১- ১২ তম বৈধ শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় দিনরাত আন্দোলন করেও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে রাস্তায়। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়েছে- গণহত্যা, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন ও বারবার নেতৃত্বের সংকট। ১৯৭১ সালের গণহত্যা নিছক অতীতের ঘটনা নয়; এটি এখনো রাষ্ট্রচিন্তায় এক গভীর ক্ষতের মতো উপস্থিত। কিন্তু এর পরবর্তী অধ্যায়- স্বাধীন রাষ্ট্র নির্মাণের দায়িত্ব- আমরা কতটা পালন করেছি, সেটিই আজ বহুলাংশে অনালোচিত।
২০২৪ সালের জুলাই- আগস্টে দেশের সাধারণ মানুষ যে গণঅভ্যুত্থানের জন্ম দিল, তা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন, দমনপীড়ন ও হতাশার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।
এই আন্দোলনের ফলশ্রুতিতে ক্ষমতা পরিবর্তন হলো; নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। এক নতুন আকাঙ্ক্ষা জন্ম নিল- হয়তো এবার গণতন্ত্র ফিরবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে দাঁড়াবে, এবং দীর্ঘদিনের জটিলতা কাটতে শুরু করবে। কিন্তু বাস্তবতা বড় দ্রুতই আমাদের হতাশ করল। যেসব প্রশ্ন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে- কৃষকের ন্যায্যমূল্য, শিল্পের টিকে থাকা, শ্রমিকের ন্যায্য মজুরি, শিক্ষা ব্যবস্থার ভাঙন, বা শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতি বিশেষ করে নিবন্ধন সনদ দিয়ে চাকরি প্রদানে যেখানে পুরো একটা জেনারেশন বঞ্চিত ও অবহেলিত – এসব কিছু আবারও সরে গেল রাজনৈতিক তর্ক-বিতর্কের প্রান্তে। আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিল সেই পুরনো দোষারোপের রাজনীতি:
* কে ভারতপন্থী বা বিরোধী,
* কে ইসলামবিদ্বেষী,
* কে দেশদ্রোহী,
* কোন গোষ্ঠী কার সঙ্গে ষড়যন্ত্র করছে।
রাষ্ট্রচিন্তার জায়গাটি আবারও পরিণত হলো পরিচিত ক্ষমতার খেলায় – যেখানে যুক্তি নয়, কাজ করে বিভাজন; যেখানে নীতি নয়, মুখ্য হয় তকমা।
বিশেষভাবে উদ্বেগজনক হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতিকে ঘিরে নীরবতা।
শিক্ষক নিবন্ধনের ষাট হাজার (বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত) জাল সনদ দিয়ে শিক্ষক নিয়োগে ১ম থেকে ১২তম প্রকৃত সনদধারীদের বঞ্চিত করে এক আস্তা কুঁড়ে ফেলে দিয়েছে। প্রকৃত নিবন্ধনধারীদের রোল নম্বর ব্যবহার করে ষাট (পত্রিকা মতে) হাজারেরও বেশি জাল সনদ দিয়ে তাদের দোসরদের চাকরি দেওয়ার মতো রাষ্ট্রীয় অপরাধ – এমন ঘটনা যে কোনো দেশে জাতীয় সংকট হিসেবে বিবেচিত হতো। কিন্তু এখানে তা পরিণত হয়েছে আরেকটি “গায়েব” ইস্যুতে। যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সীমাহীন দুর্নীতি আমাদের কাছে আর আশ্চর্যের কিছুই নয়।
NTRCA নিয়োগে অনিয়ম – রাষ্ট্রের ন্যায়বিচার থেকে বঞ্চিত নিবন্ধনধারীরা বিশেষ করে ১-১২তমরা।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। কিন্তু দুঃখজনকভাবে, এই মেরুদণ্ড আজ ভঙ্গুর হয়ে পড়েছে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল যোগ্য ও মেধাবী শিক্ষকদের স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হলো – এই প্রতিষ্ঠানটি যোগ্যতার চেয়ে অনিয়ম, দুর্নীতি ও তদবিরের মাধ্যমে নিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ন্যায়বিচারের আশা থেকে বঞ্চিত এক প্রজন্ম: NTRCA-এর বিধি অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরাই শিক্ষকতার জন্য যোগ্য। ১ম থেকে ১২তম নিবন্ধনধারীরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের প্রতি আস্থা রেখেছিলেন। কিন্তু তাদের নিয়োগ না দিয়ে, বরং কিছু অসাধু কর্মকর্তা জাল সনদ বিক্রি করে অবৈধভাবে অন্যদের নিয়োগ দিয়েছেন – এটি কেবল দুর্নীতি নয়, এটি ন্যায়বিচারের প্রতি রাষ্ট্রের প্রকাশ্য অবমাননা। যে প্রার্থীরা বছরের পর বছর ধরে যোগ্যতা প্রমাণ করেও নিয়োগ থেকে বঞ্চিত, তাদের মানসিক ও সামাজিক ক্ষতির দায় কে নেবে? এ যেন রাষ্ট্র তাদের নাগরিকত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে! বিগত সরকারের ভূমিকা: উদাসীনতা নাকি প্রভাবশালী মহলের স্বার্থরক্ষা!














