অপরাধ

মাদক অভিযান ঘিরে নাটকীয়তা: নিরপরাধ মানুষকে পেটানোর সময় ৬ পুলিশ সদস্য আটক

  Admin1234@ ২১ নভেম্বর ২০২৫ , ৩:৩১:৩৭ 102

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযানে গিয়ে নিরপরাধ ব্যক্তিকে থাপ্পড় মারা ও হ্যান্ডকাপ পরানোর অভিযোগে এক এসআইসহ ছয় পুলিশকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাচোল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাঁকরইলে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একটি বাড়ি থেকে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এই সময় মজিবুর রহমান নামে গ্রামের এক সাধারণ কৃষককে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে আটক করেন এসআই। ঘটনাস্থলেই তাকে দুই থাপ্পড় মারেন এবং হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে এবং তাদের আটকে রাখে।

নাচোল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. সাদিকুল বলেন, “মজিবুর রহমান একজন সাধারণ কৃষক। তার সঙ্গে কোনো মাদকের সম্পর্ক নেই। তাকে বিনা কারণে থাপ্পড় মেরে আটকাতে চাইলে গ্রামের মানুষ প্রতিবাদ জানায়।” দু’শরও বেশি মানুষ সেখানে জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম বলেন, “আটক করার আগে যাচাই-বাছাই করা উচিত ছিল। ভুলভাবে হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করায় গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে।” তিনি আরও বলেন, “লোকজনের দাবি—প্রকৃত মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরুক পুলিশ, নিরাপরাধ মানুষকে নয়।”

এ বিষয়ে নাচোল থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। পরে আবার ফোন করলেও রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, “পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়েছে—এ কথা পুরোপুরি ঠিক নয়। আটক ব্যক্তিকে স্থানীয়রা নিরপরাধ দাবি করলে তাকে ছেড়ে দিয়ে পুলিশ সদস্যরা ফিরে আসে।”

 

আরও খবর:

Sponsered content