Admin1234@ ১৭ নভেম্বর ২০২৫ , ৩:৪২:৩৩ 64
শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার:-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে গত ১৬ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এ সময় শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলসহ সন্দেহজনক ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ মিলন আলী (২২), তিনি সোনাতলা ইউনিয়নের বাসিন্দা। তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন আলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ টহল দল শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে র্যাব জানায়।
















