Admin1234@ ১৩ নভেম্বর ২০২৫ , ১১:২৯:৪৮ 89
প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া | অনলাইন নিউজ ডেক্স:

তামিল সুপারস্টার থালাপতি বিজয়-এর অভিনীত শেষ সিনেমা ‘জননায়ক’ মুক্তির আগেই বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন। অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি ইতোমধ্যেই প্রি-রিলিজ ব্যবসায় গড়ে তুলেছে রেকর্ড সাফল্য।
ইন্ডিয়া টু ডে’র প্রতিবেদন অনুযায়ী, ‘জননায়ক’ বর্তমানে তামিল সিনেমার সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত ছবিগুলোর একটি। স্যাকনিলক রিপোর্টে বলা হয়েছে, কেবল তামিলনাড়ুর সিনেমা হলের স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিরও বেশি দামে, আর বিদেশি স্বত্ব বিক্রি থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি।
সিনেমার সঙ্গীত ও অডিও নিয়েও ভক্তদের আগ্রহ আকাশছোঁয়া। অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে, আর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার মূল্য ১১০ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটির প্রি-রিলিজ আয় দাঁড়িয়েছে প্রায় ৩২৫ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, এখনও স্যাটেলাইট ও কিছু আন্তর্জাতিক স্বত্ব বিক্রি না হওয়ায় ছবির মোট প্রি-রিলিজ আয় ৪০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করবে।
ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ, আর প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশনস। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ছবিতে প্রথমবার), মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন ও প্রিয়ামণি।
সবচেয়ে আলোচিত বিষয় হলো— ‘জননায়ক’ হতে যাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে যোগদানের পরিকল্পনা করছেন বলে দক্ষিণ ভারতের গণমাধ্যমে জোর গুঞ্জন।
আগামী ২০২৬ সালের ৯ জানুয়ারি ছবিটি বিশ্বজুড়ে একযোগে মুক্তি পাবে। বিজয়ের বিদায়ী এই সিনেমাকে ঘিরে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা, যা ইতোমধ্যেই তামিল সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
















