Admin1234@ ৯ নভেম্বর ২০২৫ , ১:৫৯:৪৭ 83
আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের কড়া নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার (০৮ নভেম্বর, ২০২৫) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে দর্শনা থানাধীন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল, যার নেতৃত্বে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) সৌমিত্র সাহা, সঙ্গীয় অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আবু আল ইমরান এবং অন্যান্য ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে তারা দর্শনা থানাধীন বেগমপুর ফুলতলা তিন রাস্তার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
গতকাল শনিবার (০৮ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টা ৫ মিনিট-এর দিকে পরিচালিত এই অভিযানে মোঃ মেহেদী হাসান বিপ্লব (১৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান বিপ্লব জীবননগর থানার উথলী গ্রামের নূর আলমের ছেলে।
গ্রেফতারের পর আসামীর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে মোট ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক কয়েক হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ মেহেদী হাসান বিপ্লব-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আজ রবিবার (৯ নভেম্বর, ২০২৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
















